মুখে একবার কেনায়া বাক্য বললে এবং মনে বারবার তালাকের নিয়ত আসলে কত তালাক পতিত হয়?
Marriage and Divorce · Hanafi
Question
হুজুর,
ইসলামী শরিয়তের আলোকে একটি অত্যন্ত সংবেদনশীল দাম্পত্য বিষয়ের সুনির্দিষ্ট ও চূড়ান্ত ফায়সালা কামনা করছি।
দয়া করে স্বামীর মানসিক অবস্থা এবং মনের ভেতর নিয়তটি যেভাবে বারবার হওয়া—সেই তীব্রতার বিষয়টি গভীরভাবে বিবেচনা করে সঠিক সমাধান জানিয়ে উপকৃত করবেন।
ঘটনার বিবরণ ও পারিপার্শ্বিক অবস্থা:
এক স্বামী ও স্ত্রীর মধ্যে তীব্র পারিবারিক ঝগড়া ও কথা-কাটাকাটি চলছিল। রাগের চরম মুহূর্তে স্বামী তার স্ত্রীকে উদ্দেশ্য করে মুখে সুনির্দিষ্টভাবে মাত্র একবার একটি কেনায়া (ইঙ্গিতসূচক) বাক্য উচ্চারণ করে। বাক্যটি ছিল: "অন্য কোনো ছেলে দেখ।"
নিয়ত ও চিন্তার বারবার পুনরাবৃত্তির বিস্তারিত বিবরণ:
১. বিশেষভাবে লক্ষণীয় বিষয় (খটকার মূল জায়গা):
ঝগড়ার ওই মুহূর্তের তীব্রতার কারণে তালাকের ওই একই নিয়তই বারবার হচ্ছিল। অর্থাৎ, বাক্যটি বলার আগে থেকে মনের ভেতরে তালাকের চিন্তা ও নিয়তটি একবার হয়েই শেষ হয়ে যায়নি, বরং তা মনের বারবার আসতেছিল এবং একের পর এক তার পুনরাবৃত্তি ঘটছিল।একই নিয়তের পুনরাবৃত্তি হওয়া কালীন সময়ে বাক্যটি শুধু একবার বলা হয়েছে।
২. মুখে কেনায়া বাক্যটি বলার সময় স্বামীর মনে সুনির্দিষ্ট "তিন (৩)" সংখ্যাটির কোনো নিয়ত বা ধারণা ছিল না। অর্থাৎ, 'আমি তোমাকে তিন তালাক দিয়ে একবারে বিদায় করছি'—এমন কোনো সংখ্যার কথা মনে ছিল না।
৩. তবে তখন স্বামীর মনে শুধু তালাকের নিয়ত ছিল এবং নিয়তটি বারবার হচ্ছিল।
৪. স্বামী মুখে এই বাক্যটি নিশ্চিতভাবে মাত্র একবারই উচ্চারণ করেছেন। মুখে তিনি বাক্যটি একাধিকবার বলেননি।
বর্তমানে স্বামী-স্ত্রী উভয়েই নিজেদের ভুল বুঝতে পেরে শরিয়তসম্মত উপায়ে পুনরায় একসাথে সংসার করতে আগ্রহী। কিন্তু তাদের মনে তীব্র খটকা ও সংশয় তৈরি হয়েছে যে—মুখে শুধু একবার বললেও,বলার সময় মনের ভেতরে তালাকের নিয়তটি বারবার হবার কারণে শরিয়তের পরিভাষায় তালাকের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩ তালাক (চূড়ান্ত বিচ্ছেদ) হয়ে গেল কি না?
অতএব, শরিয়তের সঠিক মূলনীতি অনুযায়ী দয়া করে জানাবেন:
১.কিনায়া বাক্য বলার আগে মনে যতবার ঐ একই নিয়ত হয়েছে ততবারের উপর ভিত্তি করে কি তত সংখ্যক বিচ্ছেদ কার্যকর হয়ে গেছে?
২.এই পরিস্থিতিতে কত সংখ্যক এবং কি প্রকার তালাক কার্যকর হয়েছে?
৩.তাদের কি একদম চুড়ান্ত বিচ্ছেদ অর্থাৎ ৩টি বিচ্ছেদ হয়ে গেছে?
৪.মুখের কেনায়া বাক্যের উচ্চারণ একবার থাকা অবস্থায় মনের ভেতর নিয়তের এই বারবার পুনরাবৃত্তি কি তালাকের সংখ্যা বেড়ে গেছে কি?
৫.তাদের জন্য পুনরায় শরিয়তসম্মত উপায়ে একসাথে সংসার শুরু করার সঠিক নিয়ম বা সুরত কী?
৬.এখন শরয়ী হালালা করা কি বাধ্যতামূলক?হালালা ছাড়া কি তারা আবার একত্রিত হতে পারবেন?
৭.স্ত্রী কি চিরতরে হারাম হয়ে গেছে কি?
(উল্লেখ্য,এর আগে কখনোই তাদের মধ্যে এমন বিচ্ছেদ মূলক ঘটনা ঘটে নাই।এটাই প্রথমবার।তারা দুইজনেই হানাফি মাযহাব অনুসরণ কারী হুজুর)
হুজুর কিছুদিন আগে এই ঘটনা ঘটে গেছে।কাউকে কিচ্ছু জিজ্ঞেসও করতে পারছে না ব্যক্তিটি।সারাদিন খালি এই ঘটনাটার কথা মনে আসতে থাকে।এই দু:শ্চিন্তায় রাত্রে ঘুমও হচ্ছে না হুজুর।
শেষ অনুরোধ,
কিভাবে ব্যাপারগুলো নিয়ে নিশ্চিত হবে আর কি করণীয় সেটা বলে দিবেন।
অনুগ্রহ করে বিস্তারিত সমাধান দিয়ে তাদের মনের সমস্ত খটকা দূর করতে সাহায্য করবেন।
Answer
কেনায়া তালাক ও নিয়তের পুনরাবৃত্তি: একটি চূড়ান্ত ও বিশদ ফায়সালা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
প্রশ্নে উল্লেখিত ছুরতে স্ত্রীর উপর এক তালাকে বায়েন পতিত হয়েছে। সেই স্ত্রীকে নিয়ে পুনরায় ঘর সংসার করতে চাইলে এক্ষেত্রে নতুন করে বিবাহ পড়িয়ে নিতে হবে।
কেনায়া বাক্যে তালাক পতনের জন্য নিয়ত শর্ত। আর নিয়ত হলো একটি মানসিক ক্রিয়া (আমলুল কলব), যা একবার সংঘটিত হলে তা পূর্ণ হয়ে যায়।
আল-হিদায়া গ্রন্থে ইমাম বুরহানুদ্দীন আল-মারগীনানী (রহ.) বলেন:
«وَالْكِنَايَاتُ لَا يَقَعُ بِهَا الطَّلَاقُ إِلَّا بِالنِّيَّةِ أَوْ دَلَالَةِ الْحَالِ»
অর্থ: "কেনায়া শব্দসমূহ দ্বারা তালাক পতিত হয় না, তবে নিয়ত বা অবস্থার প্রমাণ দ্বারা।"
রাদ্দুল মুহতার (ইবনে আবিদীন শামী, ৩/৩০০) গ্রন্থে উল্লেখ আছে:
«النِّيَّةُ عَمَلُ الْقَلْبِ، وَهِيَ تَحْصُلُ مَرَّةً وَاحِدَةً، فَلَا تَتَعَدَّدُ بِتَعَدُّدِ الْخَطَرَاتِ»
অর্থ: "নিয়ত হলো অন্তরের কাজ, তা একবারই সংঘটিত হয়। চিন্তার পুনরাবৃত্তি দ্বারা নিয়ত বহুগুণ হয় না।"
রাদ্দুল মুহতার (৩/৩০২) এ আছে:
«وَلَوْ نَوَى الطَّلَاقَ مُطْلَقًا فَهِيَ وَاحِدَةٌ بَائِنَةٌ»
অর্থ: "যদি অনির্দিষ্টভাবে তালাকের নিয়ত করে, তবে তা এক তালাকে বায়েন হবে।"
ফাতাওয়া আলমগিরি (১/৩৫৪) এ স্পষ্ট:
«لَا تَتَعَدَّدُ الطَّلَاقُ بِتَعَدُّدِ الْخَطَرَاتِ الْقَلْبِيَّةِ»
অর্থ: "অন্তরের চিন্তার পুনরাবৃত্তি দ্বারা তালাক বহুগুণ হয় না।"