নিকাহনামায় ১০ লক্ষ টাকা মোহর লেখা, কিন্তু স্বর্ণের প্রকৃত মূল্য ৮ লক্ষ টাকা। শরীয়তের আলোকে মূল মোহর কোনটি?
Marriage and Divorce · Hanafi
Question
মুহতারাম, একটি বিশেষ বিষয়ে শরয়ী সমাধানের জন্য আপনার শরণাপন্ন হয়েছি। বিষয়টি নিচে তুলে ধরা হলো:
চলতি বছরের ফেব্রুয়ারিতে আমার বিবাহ সম্পন্ন হয়। বিয়ের সময় দেনমোহর হিসেবে আমার স্ত্রীকে ৩.৯৬ ভরি (যা ৪ ভরি হিসেবে গণ্য করা হয়েছে) স্বর্ণালংকার দেওয়া হয়।
পাত্রীপক্ষের সাথে ওই নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ কাবিন হিসেবে ধরে তার সমপরিমাণ মুল্য ধরে উসুল হিসেবে গণ্য করার কথা হয়েছিল। তবে নিকাহনামায় স্বর্ণের পরিমাণ উল্লেখ ছিল না, সমপরিমাণ টাকায় মূল্য লিখা হয় এবং উসুল দেখানো হয়।
বিবাহ পড়ানোর সময় এবং নিকাহনামার দলিলে এই ৪ ভরি স্বর্ণালংকারের বাজার মূল্য উল্লেখ করা হয় ১০ লক্ষ টাকা এবং মজলিশে সেটিই ঘোষণা করা হয়। মূল্য নির্ধারণের ক্ষেত্রে ক্রয়মূল্য হিসেব করা হয়, যদিও নিয়ম অনুযায়ী বিক্রয়মূল্য হিসেব করা উচিৎ ছিল (১৭% বাদ দিয়ে)।
এখন পরবর্তীতে বর্তমান বাজার দর ও স্বর্ণের সঠিক বিক্রয় মূল্য হিসাব করে আমি নিশ্চিত হই যে, বিয়ের সময়ে ওই ৪ ভরি স্বর্ণের প্রকৃত বাজার মূল্য ছিল ৮ লক্ষ টাকা বা তার একটু বেশি। অর্থাৎ, নিকাহনামায় উল্লেখিত মূল্যের চেয়ে প্রকৃত মূল্য প্রায় ২ লক্ষ টাকা কম ছিল।
এই প্রেক্ষিতে শরীয়তের আলোকে আপনার কাছে আমার প্রশ্নসমূহ:
1. মূল মোহর কোনটি গণ্য হবে? আমার দেনমোহর কি নিকাহনামায় ঘোষিত '১০ লক্ষ টাকা' নাকি আমার স্ত্রীকে দেওয়া '৪ ভরি স্বর্ণালংকার' (যার প্রকৃত মূল্য ৮ লক্ষ টাকা)?
2. যদি টাকা মোহর হিসেবে গণ্য হয়, তাহলে বাকি টাকা পরিশোধের বিধান কী? যেহেতু নিকাহনামায় ১০ লক্ষ টাকা লেখা হয়েছে এবং প্রকৃত স্বর্ণের দাম ৮ লক্ষ টাকা, তাই অতিরিক্ত এই ২ লক্ষ টাকা কি আমার স্ত্রীকে অতিরিক্ত নগদ অর্থ হিসেবে পরিশোধ করা ওয়াজিব বা বাধ্যতামূলক?
3. যদি ক্ষমা চাইতে চাই, তাহলে ক্ষমা চাওয়ার হুকুম কী? যদি এই ২ লক্ষ টাকা পরিশোধ করা আমার জন্য আবশ্যক হয়ে থাকে, তবে আমার বর্তমান আর্থিক সামর্থ্য না থাকলে স্ত্রীর কাছে আন্তরিকভাবে ভুল বুঝিয়ে মাফ চেয়ে নিলে কি আমি আল্লাহর দরবারে দায়মুক্ত হতে পারব? নাকি স্ত্রীর সম্মতি থাকলেও আমাকে এই টাকা দিতেই হবে?
জাযাকাল্লাহু খইরন।
Answer
بسم الله الرحمن الرحيم
হামদ ও সালাতের পর:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
প্রশ্নে উল্লেখ রয়েছেঃ- "পাত্রীপক্ষের সাথে ওই নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ কাবিন হিসেবে ধরে তার সমপরিমাণ মুল্য ধরে উসুল হিসেবে গণ্য করার কথা হয়েছিল"
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে শরীয়তের দৃষ্টিতে ঐ নির্দিষ্ট পরিমাণ স্বর্ণই মোহরানা হিসেবেই গন্য হবে। ১০ লক্ষ টাকা নয়।
তাই আপনার মোহরানা পুরোপুরি উসুল বলেই ধরা হবে। আপনাকে আর ২ লক্ষ টাকা বা সমপরিমাণ মূলের কোনো কিছু দিতে হবেনা।
-
আল্লাহ তা'আলা বলেন: "আর তোমরা নারীদেরকে তাদের মোহর সন্তুষ্টচিত্তে দাও।" (সূরা নিসা: ৪)
-
রাসূলুল্লাহ ﷺ বলেছেন: "যে ব্যক্তি কোনো নারীকে মোহর নির্ধারণ করে বিয়ে করল, তার জন্য সেই মোহর পরিশোধ করা আবশ্যক।" (সুনানে আবু দাউদ, হাদিস: ২১২৫)
-
রাদ্দুল মুহতার (৩/১৪৫) এ উল্লেখ আছে: "মোহর নির্ধারিত হয় উভয় পক্ষের সম্মতিতে। যদি নির্দিষ্ট পরিমাণ অর্থ মোহর হিসেবে ধার্য হয়, তবে সেটিই পরিশোধযোগ্য।"