বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি গেলে নামাজ কসর হবে কি?
Family Life · Hanafi
Question
Answer
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
যদি কোন স্ত্রীর বাবার বাসা সেই স্ত্রীর বাড়ি (স্বামীর বাড়ি) হতে ৭৮ কিলোমিটার এর চেয়ে বেশি দূরত্বে হয় এবং সেই স্ত্রী যদি তার বাবার বাসায় গিয়ে ১৫ দিনের কম থাকার নিয়ত করে সেক্ষেত্রে সেখানে কসর নামাজ পড়বে। পূর্ণ নামাজ পরবেনা।
ইসলামী শরীয়তে নামাজ কসর (চার রাকআতকে দুই রাকআত করা) হওয়ার বিধান নির্ভর করে সফর তথা শরয়ী ভ্রমণের উপর।
সফর শরয়ী হওয়ার জন্য নির্দিষ্ট দূরত্ব ও সময়ের শর্ত রয়েছে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
১. কসর নামাজের মূল বিধান
আল্লাহ তাআলা বলেন:
وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ
"আর যখন তোমরা জমিনে সফর করো, তখন নামাজ সংক্ষিপ্ত (কসর) করাতে তোমাদের কোনো গুনাহ নেই।"
(সূরা আন-নিসা: ১০১)
হাদিসে রাসূলুল্লাহ ﷺ বলেন:
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ وَضَعَ عَنِ الْمُسَافِرِ الصِّيَامَ وَشَطْرَ الصَّلَاةِ
"নিশ্চয়ই আল্লাহ তা'আলা মুসাফিরের উপর থেকে রোজা এবং অর্ধেক নামাজ (অর্থাৎ কসর) উঠিয়ে দিয়েছেন।"
(সুনানে তিরমিজি: ৩৪৪, সুনানে নাসাঈ: ২২৭৫)
২. শরয়ী সফরের শর্ত (হানাফি মাযহাব)
হানাফি মাযহাব অনুযায়ী কসর নামাজের জন্য নিম্নলিখিত শর্ত পূরণ হওয়া আবশ্যক:
(ক) দূরত্ব: কমপক্ষে তিন দিনের পথ (প্রায় ৪৮ মাইল / ৭৭-৭৮ কিলোমিটার) দূরত্ব অতিক্রম করা। ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে এটাই প্রসিদ্ধ মত।
(খ) সময়: গন্তব্যস্থলে ১৫ দিন বা তার বেশি থাকার নিয়ত থাকলে কসর হবে না, বরং পূর্ণ নামাজ পড়তে হবে। আর যদি ১৫ দিনের কম থাকার নিয়ত থাকে, তাহলে মুসাফির থাকবে এবং কসর পড়বে।
রেফারেন্স:
- আল-হিদায়া: "وَالسَّفَرُ الَّذِي تَجِبُ فِيهِ الْقَصْرُ مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ وَلَيَالِيهَا بِالسَّيْرِ الْمُعْتَادِ"
- রাদ্দুল মুহতার (ইবনে আবিদিন): ২/১২১-১২৭
- ফাতাওয়া আলমগিরি: ১/১৩৯
- ফাতাওয়া উসমানি: ১/২৯১-২৯৫
والله أعلم بالصواب