মানত করা কি জায়েজ?

Faith and Belief · Hanafi

Question No: 8943
Questioner: Zobaida 837 Konika
Question Asked: 23 Nov 2026, 11:05 PM
Reviewed & Published: 24 Nov 2026, 05:18 AM
Views: 52
Tokens: 2,395
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আমার প্রশ্নটা হচ্ছে, মানুষ যে মানত করে, আল্লাহ আমি যদি চাকরিটা পাই তাহলে আমি ১০০ রাকাত নফল নামাজ পড়বো, অথবা যদি একটা ইচ্ছা পূরণ হলে সারাজীবন রোজা রাখবো। এগুলা করা কি ঠিক বা জায়েজ?

আমি জানি না আমার কেন জানি মনে হয় আল্লাহর সাথে ডিল করতেছি, নাউজুবিল্লাহ। যেটা ভাবলে একরকম ভয় লাগে।

আমাকে একটু জানাবেন আমি কি অতিরিক্ত কিছু ভাবছি কিংবা এমন মানত করা কি জায়েজ আছে?

Answer

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

★মান্নত শরিয়তে পছন্দনীয় নয়। শরিয়ত উদ্বুদ্ধ করে নফল সদকার প্রতি; মান্নতের প্রতি নয়। সুতরাং প্রশ্নে উল্লেখিত আপনার চিন্তা অনেকটা সঠিক, মান্নত করা শরীয়তে অপছন্দনীয়।

রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন-

بَاكِرُوا بِالصَّدَقَةِ ؛ فَإِنَّ الْبَلَاءَ لَا يَتَخَطَّى الصَّدَقَةَ

“তোমরা দানের ব্যাপারে তাড়াতাড়ি করবে। কেননা বিপদাপদ তাকে অতিক্রম করতে পারে না”। (বাইহাকী ৭৩৭৪)।

★মান্নত করার পর তা থেকে রুজু করার কোন সুযোগ নেই। তাই মান্নতকৃত ইবাদতটি করা আবশ্যক।

وَلْيُوفُوا نُذُورَهُمْ [٢٢:٢٩] তাদের মানত পূর্ণ করে [সূরা হজ্জ-২৯]

হাদীস শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর (রাযি.) থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন-

أَخَذَ رَسُولُ اللَّهِ ﷺ يَوْمًا يَنْهَانَا عَنِ النَّذْرِ وَيَقُولُ إِنَّهُ لاَ يَرُدُّ شَيْئًا وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ الشَّحِيحِ

রাসূলুল্লাহ (সা.) একদিন আমাদের মান্নত করতে নিষেধ করেছেন। আর বলেছেন, মান্নত কোনো কিছুকে ফেরাতে পারে না। তবে মান্নতের মাধ্যমে কৃপণ ব্যক্তির সম্পদ বের করা হয়। (মুসলিম শরীফ, হাদীস নং- ৪৩২৫)।

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান্নত এমন কোনো কিছুকে আদম সন্তানের নিকটবর্তী করে দিতে পারে না যা আল্লাহ তাআলা তার জন্য তাকদীরে নির্দিষ্ট করেননি। তবে মান্নত কখনো তাকদীরের সাথে মিলে যায়। এর মাধ্যমে কৃপণের নিকট হতে ঐ সম্পদ বের করে নিয়ে আসা হয় যা কৃপণ (এমনিতে) বের করতে চায় না। -সহীহ মুসলিম, হাদীস ১৬৪০


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.