মৌখিক ইজাব-কবুল ছাড়া শুধু কাবিননামা ও হলফনামায় স্বাক্ষরের মাধ্যমে বিবাহ সহীহ হয়?

Marriage and Divorce · Hanafi

Question No: 8586
Questioner: Ibrahim
Question Asked: 16 Nov 2026, 09:14 PM
Reviewed & Published: 17 Nov 2026, 05:22 AM
Views: 77
Tokens: 4,673
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হুজুর,
একটি জরুরি ও জটিল বিষয়ের শরীয়ত মোতাবেক সমাধান চেয়ে আপনার দ্বারস্থ হয়েছি।
আজ থেকে কিছুদিন পূর্বে আমার পরিচিত একজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক মেয়ে পারিবারিকভাবে না জানিয়ে নিজেরা কোর্টে গিয়ে দুই-তিনজন প্রাপ্তবয়স্ক মুসলিম সাক্ষীর উপস্থিতিতে কাবিননামা ও আদালতের হলফনামায় স্বাক্ষর করার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

কিন্তু উল্লেখ্য যে, সেখানে বর বা কনে— কেউই মৌখিকভাবে কোনো প্রকার ইজাব ও কবুল (অর্থাৎ মুখে স্পষ্ট শব্দে বিয়ের প্রস্তাব দেওয়া ও তা গ্রহণ করা) করেনি এবং পুরো প্রক্রিয়াটি সাক্ষীদের সামনে শুধু কাগজে লেখালেখি,নিজেদের স্বাক্ষর ও সাক্ষীদের সইয়ের মাধ্যমেই শেষ হয় এবং এরপর তারা স্বামী-স্ত্রী হিসেবে একসাথে বসবাস শুরু করে।

পরবর্তীতে তাদের যৌথ জীবনে বনিবনা না হওয়ায় এবং নিজেদের মধ্যে তীব্র ঝগড়াঝাটি সৃষ্টি হওয়ার কারণে ছেলেটি রাগের মাথায় মেয়েটিকে বেশ কয়েকবার মৌখিকভাবে ‘তালাক’ শব্দ উচ্চারণ করে, যা গণনায় তিন বারেরও বেশি হয়েছে।

বর্তমানে উভয় পক্ষ নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবার থেকে এখন ঘরোয়া পরিবেশে শরীয়তের নিয়ম মেনে, সাক্ষীদের উপস্থিতিতে মৌখিক ইজাব-কবুলের মাধ্যমে নতুন করে তাদের বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু ছেলে ও মেয়ে উভয়েই পূর্বে বলা তালাকের কথাগুলো নিয়ে অত্যন্ত চিন্তিত ও শঙ্কিত রয়েছে।

এই ঘটনার আলোকে প্রশ্নসমূহ:

১) মৌখিকভাবে কোনো প্রকার ইজাব-কবুল ছাড়া শুধু কাবিননামা ও হলফনামায় স্বাক্ষর করার মাধ্যমে সাক্ষীদের সামনে তাদের যে প্রথম বিবাহটি হয়েছিল, শরীয়তের দৃষ্টিতে কি তা আদৌ সম্পন্ন বা সহীহ হয়েছিল?

২) যদি প্রথম বিবাহটি সহীহ না হয়ে থাকে, তবে পরবর্তীতে ঝগড়ার সময় ছেলেটি যে তিন বারের বেশি তালাক উচ্চারণ করেছে, শরীয়তের দৃষ্টিতে কি সেই তালাক কার্যকর হয়েছে এবং তাদের মধ্যে কি কোনো চূড়ান্ত বিচ্ছেদ ঘটেছে?

৩)বর্তমান পরিস্থিতিতে মেয়েটিকে অন্য কোথাও হালালা ছাড়া বা অন্য কোথাও বিবাহ দেওয়া ব্যতিরেকেই, তারা নিজেরা কি এখন নতুন করে মোহরানা ধার্য করে এবং সাক্ষীদের উপস্থিতিতে মৌখিক ইজাব-কবুলের মাধ্যমে পুনরায় বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে?

(উল্লেখ্য,তারা দুইজনেই হানাফি মাযহাব অনুসরণ করেন) দয়া করে কুরআন ও হাদীসের আলোকে বিস্তারিত সমাধান দিয়ে বাধিত করবেন

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

প্রশ্নের সারসংক্ষেপ:
এক ছেলে ও মেয়ে পারিবারিকভাবে না জানিয়ে কোর্টে গিয়ে কাবিননামা ও হলফনামায় স্বাক্ষর করে, কিন্তু মৌখিক ইজাব-কবুল ছাড়াই। পরে তারা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করে। ঝগড়ার সময় ছেলে তিন বারের বেশি "তালাক" শব্দ উচ্চারণ করে। এখন তারা নতুন করে শরীয়ত মোতাবেক মৌখিক ইজাব-কবুলের মাধ্যমে বিবাহ করতে চায়। প্রশ্ন তিনটি: (১) প্রথম বিবাহ সহীহ হয়েছিল কি? (২) তালাক কার্যকর হয়েছে কি? (৩) হালালা ছাড়া নতুন করে বিবাহ বৈধ হবে কি?


জবাবঃ- সাবিত আল বুনানী (রহ.) হতে বর্ণিত।

عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ مِهْرَانَ قَالَ سَمِعْتُ ثَابِتًا الْبُنَانِيَّ قَالَ كُنْتُ عِنْدَ أَنَسٍ وَعِنْدَه“ ابْنَةٌ لَه“ قَالَ أَنَسٌ جَاءَتْ امْرَأَةٌ إِلٰى رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم تَعْرِضُ عَلَيْهِ نَفْسَهَا قَالَتْ يَا رَسُوْلَ اللهِ أَلَكَ بِي حَاجَةٌ فَقَالَتْ بِنْتُ أَنَسٍ مَا أَقَلَّ حَيَاءَهَا وَا سَوْأَتَاهْ وَا سَوْأَتَاهْ قَالَ هِيَ خَيْرٌ مِنْكِ رَغِبَتْ فِي النَّبِيِّ صلى الله عليه وسلم فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا.

তিনি বলেন, আমি আনাস (রাঃ)-এর কাছে ছিলাম। তখন তাঁর কাছে তাঁর কন্যাও ছিলেন। আনাস (রাঃ) বললেন, একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে নিজেকে সমর্পণ করতে এসে বলল, হে আল্লাহর রাসূল! আপনার কি আমার প্রয়োজন আছে? এ কথা শুনে আনাস (রাঃ)-এর কন্যা বললেন, সেই মহিলা কতই না নির্লজ্জ, ছিঃ লজ্জার কথা। আনাস (রাঃ) বললেন, সে মহিলা তোমার চেয়ে উত্তম, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহচর্য পেতে অনুরাগী হয়েছিল। এ কারণেই সে নিজেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পেশ করেছে। ( সহীহ বুখারী-৫১২০)

সুতরাং বিবাহের ক্ষেত্রে পাত্র প্রস্তাব পেশ (ইজাব) করতে পারে,পাত্রীও প্রস্তাব পেশ (ইজাব) করতে পারে।

বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রী বা তাদের উকিলের মধ্যে প্রথম ব্যাক্তির কথাকে ইজাব বলা হয়,আর ২য় ব্যাক্তির কথাকে কবুল বলা হয়।

قال في "كشاف القناع" (5/ 37) : "ولا ينعقد النكاح إلا بالإيجاب والقبول ، والإيجاب هو اللفظ الصادر من قِبَل الولي أو من يقوم مقامه كوكيل.

সারমর্মঃ ইজাব কবুল ব্যাতিত বিবাহ হবেনা। ইজাব হলো যে শব্দটি অভিভাবক অথবা তার স্থলাভিষিক্ত এর থেকে বের হয়,যেমন উকিল।
এমন সব শব্দে বিবাহ সংঘটিত হবে। যেমন বলা, (زوجت أو نكحت) আমি বিবাহ করলাম বা বিয়ে দিলাম। অথবা বলা, (قبلت هذا النكاح) আমি এ বিয়ে কবুল করলাম। অথবা (تزوجتها) আমি তাকে বিয়ে করলাম, বা (تزوجت) আমি বিয়ে করলাম, অথবা (رضيت) এ বিয়ে আমি রাজি আছি।

প্রস্তাব (الإيجاب): অলী তথা অভিভাবক অথবা যিনি তার স্থলাভিষিক্ত হবেন তার পক্ষ থেকে বিয়ে করার বা বিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া।

★ কবুল (القبول): স্বামী বা তার স্থলাভিষিক্ত থেকে বিয়ে কবুল করার শব্দ। যেমন বলা, (قبلت) আমি বিয়ে কবুল করলাম বা (رضيت هذا النكاح) এ বিয়ে আমি রাজি আছি বা শুধু কবুল করেছি বলা।

১) মৌখিক ইজাব-কবুল ছাড়া শুধু কাবিননামা ও হলফনামায় স্বাক্ষরের মাধ্যমে বিবাহ সহীহ হয়েছিল কি?

উত্তর:
হানাফি মাযহাব অনুযায়ী, বিবাহের জন্য ইজাব ও কবুল (প্রস্তাব ও গ্রহণ) অপরিহার্য। শুধু কাগজে স্বাক্ষর বা হলফনামা দ্বারা বিবাহ সম্পন্ন হয় না,তাই প্রশ্নে উল্লেখিত বিয়ে শুদ্ধ হয়নি।


২) প্রথম বিবাহ সহীহ না হলে, তিন বারের বেশি তালাক কার্যকর হয়েছে কি?

উত্তর:
তালাক কার্যকর হওয়ার জন্য শর্ত হলো সহীহ বিবাহের অস্তিত্ব। যদি বিবাহই সহীহ না হয়, তবে তালাকের কোনো প্রভাব নেই।

যেহেতু প্রথম বিবাহ সহীহ হয়নি, তাই ছেলেটির উচ্চারিত "তালাক" শব্দগুলো শরীয়তের দৃষ্টিতে কোনো তালাক গণ্য হবে না।


৩) হালালা ছাড়া নতুন করে মোহরানা ধার্য করে ও সাক্ষীদের উপস্থিতিতে মৌখিক ইজাব-কবুলের মাধ্যমে পুনরায় বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কি?

উত্তর:
যেহেতু প্রথম বিবাহ সহীহ হয়নি এবং তালাকও কার্যকর হয়নি, তাই তাদের মাঝে কোনো শরীয়তসম্মত বিবাহ সম্পর্ক ছিল না। সুতরাং হালালার প্রয়োজন নেই। তারা এখন নতুন করে সহীহভাবে বিবাহ করতে পারবে। কোনো সমস্যা নেই।

আল্লাহ তা'আলা উভয়কে সঠিক পথে পরিচালিত করুন এবং তাদের দাম্পত্য জীবনকে বরকতময় করুন। আমিন।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.