স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দিলে কী হয়? তাফবীয ই তালাক কী এবং শর্ত কী?
Marriage and Divorce · Shafei
Question
মুফতি সাহেব, আমি একজন বিবাহিত নারী । অনুগ্রহ করে শরিয়তের আলোকে নিচের বিষয়টি সমাধান করে বাধিত করবেন:
ঘটনা:
গত দুই দিন আগে আমার স্বামী আমাকে লক্ষ্য করে বলেছিলেন, "তুই আমাকে ডিভোর্স দিবি।" (এখানে তিনি ভবিষ্যৎকালের শব্দ 'দিবি' ব্যবহার করেছেন)। তার এই কথা শোনার সাথে সাথেই আমি সেই মজলিশেই সরাসরি উত্তর দিই, "জীবনেও না।" অর্থাৎ, আমি তার এই প্রস্তাব বা কথাটি সাথে সাথেই সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছি। আমি আমার স্বামীকে অত্যন্ত ভালোবাসি এবং কোনো অবস্থাতেই তালাকের এই অধিকার আমার কাছে রাখতে চাই না।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্নসমূহ:
১. আমার স্বামী ভবিষ্যৎকালের শব্দ (দিবি) ব্যবহার করে কথাটি বলায় কি ভবিষ্যতের জন্য আমার কাছে অধিকার জমা হইছে? নাক আমি সাথে সাথে "জীবনেও না" বলে তা প্রত্যাখ্যান করায়—শরিয়তের দৃষ্টিতে আমার কাছে কি তালাকের কোনো অধিকার (তাফভীয-ই-তালাক) বাকি আছে? নাকি এই অধিকার তখনই চিরতরে বাতিল হয়ে গেছে?
২. এই ঘটনার কারণে কি আমাদের বৈবাহিক সম্পর্ক বা আকদের কোনো ক্ষতি হয়েছে?
Answer
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
প্রিয় বোন, (০১) আপনি উক্ত কথার দরুন তালাকের অধিকার পেয়েছিলেন,কিন্তু মজলিশ শেষ হওয়ায় উক্ত কথার দরুন যে তালাকের অধিকার আপনি পেয়েছিলেন, আপনার আর সেই তালাকের অধিকার নেই।
(০২) এই ঘটনার কারণে আপনাদের বৈবাহিক সম্পর্ক বা আকদের কোনো ক্ষতি হয়নি।
ইমাম নববী (রহ.) আল-মাজমূ' গ্রন্থে তাফবীযের সীগাহ প্রসঙ্গে বলেন, তাফবীয সংঘটিত হয় স্পষ্ট শব্দে, যেমন: "আমি তোমাকে তালাক দেওয়ার অধিকার দিলাম" বা "তোমার হাতে তালাকের মালিকানা রইল"। (দেখুন: আল-মাজমূ' শরহুল মুহাযযাব, কিতাবুত তালাক, বাবু তাফবীযিত তালাক)
ইমাম শাফিঈ (রহ.) আল-উম্ম গ্রন্থে এবং ইবন হাজার আল-হায়তামী (রহ.) তুহফাতুল মুহতাজ গ্রন্থে উল্লেখ করেছেন যে, তাফবীযের ক্ষেত্রে স্ত্রীর সম্মতি বা গ্রহণ শর্ত। (দেখুন: তুহফাতুল মুহতাজ, কিতাবুত তালাক, ফাসলুন ফি তাফবীযিত তালাক)
ইমাম নববী (রহ.) রাওদাতুত তালিবীন ও আল-মাজমূ' গ্রন্থে স্পষ্ট করেছেন যে, তাফবীযের সীগাহ স্পষ্ট না হলে এবং স্ত্রী তা গ্রহণ না করলে কোনো তালাক সংঘটিত হয় না। (দেখুন: আল-মাজমূ', কিতাবুত তালাক; মিনহাজুত তালিবীন, কিতাবুত তালাক)