নানার সম্পত্তি মায়ের নামে লিখে দেওয়া এবং মামার কন্যাকে বঞ্চিত করার শরীয়াহ বিধান কী?
Halal and Haram · Hanafi
Question
সম্মানিত উস্তাদ,
আমার নানার এক ছেলে এক মেয়ে। একটা দূর্ঘটনায় আমার মামা মারা যান।এবং মামার একটি কন্যা সন্তান আছে।আমার নানার আর কোন ভাই নেই, এক বোন ছিল তাকে তার প্রাপ্য সম্পত্তি দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ।কিন্তু আমার আব্বুর নিজের কোন বাড়ি,জায়গা নেই। যার কারণে আমার নানা তার নিজের বাড়ির সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়েছেন।এবং নিজের মেয়েকে অর্থাৎ আমার মাকে নিজের কাছে,(উক্ত বাড়িতেই বসত করার জন্য বসিয়েছেন) রেখেছেন এবং আমার বাবাও সসম্মতিতে তাদের(নানা নানির) দেখাশোনার দায়িত্ব নিয়েছেন।
কিন্তু আমার মামার মেয়েকে আলাদা করে কোন সম্পত্তি দেইনি আমার নানা।
সুতরাং,উল্লেখিত বিষয়টি শরীয়াহ মোতাবেক কতটা সঠিক হয়েছে?আর যদি এটা ভুল হয়ে থাকে তাহলে এখন কি করলে পরিপূর্ণ শরিয়াহ বিধান যথাযথভাবে পালন করা হবে, সেটার বিস্তারিত বিষয় জানিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
Answer
উত্তর: ইসলামী শরীয়াহ অনুযায়ী সম্পত্তি বণ্টন
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
প্রশ্নে উল্লেখিত ছুরতে মামার কন্যাকে বঞ্চিত করা জায়েজ হয়নি। এতে তার গুনাহ হবে।
শরীয়তের বিধান হলোঃ- যদি মৃত ব্যাক্তির কোনো ছেলেই জীবিত না থাকে,শুধু মেয়ে আর নাতী, তাহলে নাতী সম্পদ পাবে।
হাদীস শরীফে এসেছেঃ
عن عبد الله قال : قضى رسول الله صلى الله عليه وسلم في ابنة وابنة الابن وأخت، أعطى البنت النصف، وابنة الابن السدس تكملة الثلثين وللأخت ما بقي.
আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কন্যা, এক নাতনী ও এক বোনের উত্তরাধিকার বিষয়ে ফয়সালা দিয়েছেন যে, মেয়ে অর্ধেক, নাতনী এক ষষ্ঠাংশ যেন এই দুই অংশ নিয়ে দৃই তৃতীয়াংশ পূর্ণ হয়ে যায়। আর বোন অবশিষ্টাংশ (এক-তৃতীয়াংশ) পাবে।- সহীহ বুখারী ৬৭৪২, মুসান্নাফে ইবনে আবী শাইবা ৩১৭২৫, সহীহ ইবনে হিববান ৫/৪৫৩ (৬০৪৩), আলমুজামুল কাবীর তাবারানী ৯৮৬৯, আলআওসাত, হাদীস : ৬৮৪৮, মুসান্নাফে আব্দুর রাযযাক ১৯০৩২
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার নানার কাজটি সঠিক হয়নি।
এক্ষেত্রে মেয়ে অর্ধেক, নাতনী এক ষষ্ঠাংশ পাবে, যেন এই দুই অংশ নিয়ে দৃই তৃতীয়াংশ পূর্ণ হয়ে যায়। আর বোনকে অবশিষ্টাংশ (এক-তৃতীয়াংশ) দিতে হবে। স্ত্রীকে (নানীকে) আট ভাগের এক ভাগ সম্পদ দিতে হবে।
আল্লাহ তাআলা সূরা আন-নিসার ১১-১২ আয়াতে মীরাসের বিধান বিস্তারিতভাবে বর্ণনা করেছেন:
يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ ۖ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْأُنثَيَيْنِ "আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন: পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান।" (সূরা আন-নিসা: ১১)
وَلِأَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُ وَلَدٌ "মৃতের পিতা-মাতার প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ, যদি মৃতের সন্তান থাকে।" (সূরা আন-নিসা: ১১)