আইওএম এর গেটটুগেদার প্রসঙ্গে
Miscellaneous Fiqh · Hanafi
Question
এখন আমার জানার বিষয় হচ্ছে, আইএমের গেটটুগেদারে কেউ আছে যে রেজিস্ট্রেশন করে কিন্তু কোনো কারনে উপস্থিত হতে পারেনা।তাই তার পরিবর্তে চাইলে অন্য কাউকে পাঠায়।
এখন আমি যদি অন্য কোনো স্টুডেন্ট সে হয়তো ফারেগিন বা স্টুডেন্ট হতে পারে।তার রেজিস্ট্রেশনের পরিবর্তে আইওএমের গেটটুগেদারে যাই, তাহলে কি আমার গুনাহ হবে?যদিও ঐ ব্যক্তির অনুমতি থাকে?যেহেতু আমি স্টুডেন্টের অন্তর্ভুক্ত না
আর তাছাড়া হাসবেন্ডের সাথে (গার্ডিয়ান)হিসেবে গেলেও আমার রেজিস্ট্রেশন ফি বেশি লাগতো।কিন্তু এখন আরেকজনের রেজিস্ট্রেশনের পরিবর্তে যাওয়ায় টাকাও কমই লাগবে।
তো এমতাবস্থায় আমি গেটটুগেদারে গেলে কি প্রতারণা হবে?বিষয়টা জানা জরুরি।কারন এর আগেও আমি একবার এভাবে গিয়েছিলাম।আবার জানামতে আরো বোনেরাও এভাবে যায়।তাই আমি নিজে সঠিক টা জানতে চাই এবং অন্যদেরও সতর্ক করতে চাই।
আর গুনাহ হয়ে থাকলে আমার করনীয় কি?আমিযে এভাবে পূর্বে একবার গিয়েছি সেজন্য আমার কি করতে হবে?যার ফলে আমি ক্ষমা পাবো?
Answer
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জবাবঃ- কর্তৃপক্ষকে সাপোর্টের মাধ্যমে জানিয়ে ব্যক্তিগতভাবে ঐখান থেকে বিষয়টি জেনে নেওয়ার পরামর্শ থাকবে।
গেটটুগেদারে রেজিস্ট্রেশন হলো প্রতিষ্ঠানের সাথে একজন নির্দিষ্ট ব্যক্তির মধ্যে সম্পাদিত একটি চুক্তি। ইসলামি ফিকহের মূলনীতি হলো:
الأصل في العقود رضا المتعاقدين
"চুক্তিতে পক্ষদ্বয়ের সম্মতি মূল ভিত্তি।"
এখানে প্রতিষ্ঠান সম্মতি দিয়েছে শুধু নিবন্ধিত ব্যক্তির অংশগ্রহণে। অন্য কেউ তার স্থলে গেলে প্রতিষ্ঠানের সম্মতি লঙ্ঘিত হয়। এটি আকদের শর্ত ভঙ্গ (خيار الشرط) হিসেবে গণ্য।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
"যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।"
— সহীহ মুসলিম, হাদিস ১০১; সুনানে আবু দাউদ, হাদিস ৩৪৫২
আরও ইরশাদ হয়েছে:
الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
"মুসলিমরা তাদের শর্তসমূহের উপর প্রতিষ্ঠিত।"
— সুনানে তিরমিজি, হাদিস ১৩৫২ (হাসান সহীহ)
★সুতরাং কর্তৃপক্ষকে সাপোর্টের মাধ্যমে জানিয়ে ব্যক্তিগতভাবে ঐখান থেকে বিষয়টি জেনে নেওয়ার পরামর্শ থাকবে।