হরমোন ইম্পল্যান্ট ব্যবহার করার কারনে হায়েয নিয়ে কনফিউশান
Taharah Purity · Hanafi
Question
একজন নারীর হায়েজের অভ্যাস ৭ দিনের। তিনি স্বাস্থ্যগত কারণে জন্মবিরতির জন্য হাতে কাঠি (হরমোন ইমপ্লান্টেশন) পরেছেন। এখন হায়েজ শেষ হওয়ার ১৫ দিন যেতে না যেতেই তিনি আবার ব্লাড দেখতে পান। হাতে কাঠি (হরমোন ইমপ্লান্টেশন) পরলে সাইড ইফেক্ট হিসেবে অনেকের ব্লাড স্পট যায়।
এখন হায়েজ ৭ দিনে শেষ হওয়ার পর ১৫ দিনের মধ্যে আবার ব্লাড দেখলে, সেই ব্লাড কয়েকদিন স্থায়ী হলে সেটার বিধান কী হবে? সেক্ষেত্রে নামাজ এবং সহবাসের বিধান কী হবে?
আবার যদি ১৫ দিনের মধ্যে ব্লাড যাওয়া শুরু হয়ে ১৫ দিন অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে বাকি দিনগুলোর বিধান কী হবে?
অনেক সময় হায়েজ ৭ দিন পার হওয়ার পর আবার ৮ম বা ৯ম দিনে ব্লাড দেখা যায়। সেক্ষেত্রে ৭ দিনের পর হায়েজ শেষ হয়েছে দেখে সহবাস করলে পরে ব্লাড দেখা গেলে করণীয় কী?
দয়া করে জানাবেন।
Answer
وعليكم السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم
★এখন হায়েজ ৭ দিনে শেষ হওয়ার পর ১৫ দিনের মধ্যে আবার ব্লাড দেখলে, সেই ব্লাড কয়েকদিন স্থায়ী হলে সেটার বিধান কী হবে?
জবাবঃ- এক্ষেত্রে হায়েজ পরবর্তী ১৫ দিন অতিবাহিত হওয়ার পর যদি ব্লাড আসতে থাকে, তাহলে ১৬তম দিন থেকে নিয়ে যদি তিন দিন ব্লাড আসে,তাহলে এই ব্লাডকে হায়েজ ধরবেন। নামাজ, সহবাস সবই বন্ধ রাখবেন।
১৬তম দিন থেকে নিয়ে যদি তিন দিন ব্লাড না আসে,তাহলে এই ব্লাডকে ইস্তিহাজা ধরবেন। নামাজ, সহবাস সবই চালু রাখবেন।
★যদি ১৫ দিনের মধ্যে ব্লাড যাওয়া শুরু হয়ে ১৫ দিন অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে বাকি দিনগুলোর বিধান কী হবে?
জবাবঃ- এর জবাব উপরে দ্রষ্টব্য।
★অনেক সময় হায়েজ ৭ দিন পার হওয়ার পর আবার ৮ম বা ৯ম দিনে ব্লাড দেখা যায়। সেক্ষেত্রে ৭ দিনের পর হায়েজ শেষ হয়েছে দেখে সহবাস করলে পরে ব্লাড দেখা গেলে করণীয় কী?
জবাবঃ- এক্ষেত্রে তওবা করতে হবে।
যে কয়দিন ব্লাড আসে সে কয়দিন হায়েজ ধরতে হবে।
আর যদি ব্লিডিং দশ দিন অতিক্রম হয়ে যায়, সেক্ষেত্রে পূর্বের মাসের অভ্যাস অনুপাতে সাত দিন হায়েজ ধরতে হবে।
শরীয়তের বিধান অনুযায়ী হায়েযের সর্বোচ্চ সময়সীমা ১০দিন।
এ ১০দিনের ভিতর লাল,হলুদ,সবুজ,লাল মিশ্রিত কালো বা নিখুত কালো যে কালারের-ই পানি বের হোক না কেন তা হায়েয হিসেবেই গণ্য হবে।যতক্ষণ না নেপকিন সাদা নজরে আসবে। (বেহেশতী জেওর-১/২০৬)
হায়েজের দিন গুলোতে যেই কালারেরই রক্ত হোক,সেটি হায়েজের রক্ত বলেই গন্য হবে। উক্ত সময় নামাজ রোযা ইত্যাদি আদায় করা যাবেনা। (কিতাবুল ফাতওয়া ২/৭৬)
তবে স্পষ্ট সাদা কালারের কিছু বের হলে সেটাকে হায়েজ বলা যাবেনা। (ফাতাওয়ায়ে হক্কানিয়াহ ২/৮৩৩)
হাদীস শরীফে এসেছেঃ
উম্মে আলক্বামাহ তথা মার্জনা (مَوْلاَةِ عَائِشَةَ) হইতে বর্ণিত,
عن أم علقمة أَنَّهَا قَالَتْ : " كَانَ النِّسَاءُ يَبْعَثْنَ إِلَى عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ بِالدُّرْجَةِ فِيهَا الْكُرْسُفُ فِيهِ الصُّفْرَةُ مِنْ دَمِ الْحَيْضَةِ يَسْأَلْنَهَا عَنْ الصَّلَاةِ فَتَقُولُ لَهُنَّ لَا تَعْجَلْنَ حَتَّى تَرَيْنَ الْقَصَّةَ الْبَيْضَاءَ تُرِيدُ بِذَلِكَ الطُّهْرَ مِنْ الْحَيْضَةِ "
তিনি বলেনঃ (ঋতুমতী) স্ত্রীলোকেরা আয়েশা (রাঃ)-এর নিকট ঝোলা বা ডিবা (دُرْجَة) পাঠাইতেন, যাহাতে নেকড়া বা তুলা (كُرْسُفْ) থাকিত। উহাতে পাণ্ডুবৰ্ণ ঋতুর রক্ত লাগিয়া থাকিত। তাহারা এই অবস্থায় নামায পড়া সম্পর্কে তাহার নিকট জানিতে চাহিতেন। তিনি [আয়েশা (রাঃ)] তাহাদিগকে বলিতেনঃ তাড়াহুড়া করিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ সাদা (বর্ণ) দেখিতে না পাও। তিনি ইহা দ্বারা ঋতু হইতে পবিত্রতা (طُهْر) বুঝাইতেন।(মুয়াত্তা মালিক-১২৭)
والله أعلم بالصواب