DPS-এর মুনাফা কি হালাল?

Halal and Haram · Hanafi

Question No: 8976
Questioner: Amatullah
Question Asked: 24 Nov 2026, 04:57 PM
Reviewed & Published: 24 Nov 2026, 06:47 PM
Views: 57
Tokens: 3,831
This answer is according to the 'Hanafi' school of thought.
This answer was reviewed and published by .

Question

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

সম্মানিত উস্তায,
আমি একজন মেয়ে। আমার কোনো বড় ভাই নেই, আর আমার ছোট ভাইও বয়সে অনেক ছোট। আমার বাবা-মা দুজনই অসুস্থ। বিশেষ করে আমার বাবা বেশ অসুস্থ। উনার শরীরে আট ধরনের ভিন্ন ভিন্ন জটিলতা আছে। তিনি বর্তমানে উপার্জন করার মতো শারীরিক অবস্থায় নেই।

আমার দাদাবাড়ির পক্ষ থেকে বাবার সম্পত্তির অংশটুকুও তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছেনা, যদিও আমার দাদা অনেক আগেই ইন্তেকাল করেছেন এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ সম্পত্তি রয়েছে।

বর্তমানে আমার মায়ের একটি DPS আছে। সেটি থেকে প্রতি মাসে যে নির্দিষ্ট টাকা পাওয়া যায়, তা দিয়েই মূলত আমাদের সংসার চলে। কিছুদিন আগে আমি জানতে পেরেছি, প্রচলিত DPS-এর মুনাফা সুদ এবং হারাম।

বিষয়টা জানার পর আমি পরিবারের সঙ্গে কথা বলি। তখন উনারা বলেন উনারা আল আরাফা ইসলামি ব্যাংকের ইসলামি ফাউন্ডেশনের অধীনে মুদারাবা DPS করেছেন। এটা নাকি প্রচলিত সাধারণ DPS-এর মতো না এবং আহমাদুল্লাহ হুজুরের একটি ভিডিওতেও নাকি এ ধরনের DPS-কে হালাল বলা হয়েছে।

উল্লেখ্য, আমার বাবা একবার ব্যবসা করার চেষ্টা করেছিলেন। কিন্তু উনার পার্টনার অর্ধেকেরও বেশি টাকা নিয়ে পালিয়ে যান। এরপর থেকে উনার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।

আমি বাসায় বোঝানোর চেষ্টা করেছি, উনারা হালাল হারাম না বোঝার মতো দ্বীনের ব্যাপারে এতটাও অবুঝ না আলহামদুলিল্লাহ। কিন্তু উনাদের বক্তব্য হলো, আমাদের উপার্জনক্ষম কেউ নেই এবং এই অর্থ ছাড়া সংসার চালানোরও কোনো বিকল্পও হাতে নেই।


তাই আপনার কাছে কয়েকটি বিষয়ে জানতে চাচ্ছি:

১. ইসলামি ব্যাংকের ইসলামি শরিয়াহভিত্তিক কোনো DPS-এ অর্থ জমা রাখলে এবং সেখান থেকে মুনাফা গ্রহণ করলে তা কি শরিয়তসম্মত? বিশেষ করে, এই নির্দিষ্ট ধরনের DPS-এর ক্ষেত্রে কী বিষয়গুলো যাচাই করা প্রয়োজন?

২. যদি এই DPS-এর মুনাফা শরিয়তসম্মত না হয়, তাহলে আমাদের বর্তমান অবস্থায় করণীয় কী? এই অর্থ গ্রহণ ও ব্যবহার করার ক্ষেত্রে কোনো শরয়ি ছাড় বা বিশেষ বিধান প্রযোজ্য হবে কি? আমার বাবা মা কোনোভাবেই কোথাও ইনভেস্ট করার মতো ভরসা পাচ্ছেন না।

৩. আমি নিজেও একজন মেয়ে এবং এখনো অবিবাহিত। আমার নিজের জন্যও এ থেকে গ্রহণ বা কি গুনাহের অন্তর্ভুক্ত হবে, যদি এটা হারাম হয়? আমার ক্ষেত্রে কি কোনো ভিন্ন বিধান আছে?

আমি জানি, মাজুর অবস্থার অজুহাত দিয়ে হালাল-হারামের বিধানকে হালকাভাবে নেওয়া উচিত না। কিন্তু আমাদের পরিস্থিতি এমন যে, বিকল্প কোনো পথও আপাতত খুঁজে পাচ্ছি না, আমি নিজেও বুঝতেও পারছিনা বাসায় কি বলে বুঝাবো।

জাযাকাল্লাহু খাইরান।

Answer

وعليكم السلام ورحمة الله وبركاته

প্রশ্ন: ১. ইসলামি ব্যাংকের ইসলামি শরিয়াহভিত্তিক কোনো DPS-এ অর্থ জমা রাখলে এবং সেখান থেকে মুনাফা গ্রহণ করলে তা কি শরিয়তসম্মত? বিশেষ করে, এই নির্দিষ্ট ধরনের DPS-এর ক্ষেত্রে কী বিষয়গুলো যাচাই করা প্রয়োজন?

জবাবঃ- জানামতে বাংলাদেশের কোন ব্যাংকই শরীয়তের নীতিমালা পুরোপুরি অনুসরণ করে ব্যাংক পরিচালনা করে না, তাই ইসলামী ব্যাংকেও ডিপিএস খোলার কোন বৈধতা নেই।

২. যদি এই DPS-এর মুনাফা শরিয়তসম্মত না হয়, তাহলে আমাদের বর্তমান অবস্থায় করণীয় কী? এই অর্থ গ্রহণ ও ব্যবহার করার ক্ষেত্রে কোনো শরয়ি ছাড় বা বিশেষ বিধান প্রযোজ্য হবে কি? আমার বাবা মা কোনোভাবেই কোথাও ইনভেস্ট করার মতো ভরসা পাচ্ছেন না।

জবাবঃ- এ মুনাফা গ্রহণ করার কোন সুযোগ নেই এটি গরীব মিসকিনদের মাঝে সদকাহ করে দিতে হবে। এক্ষেত্রে নিজ আত্মীয়দের মধ্যে যাদেরকে যাকাত দেওয়া যায়, তাদেরকেও এই টাকা ছওয়াবের নিয়ত ছাড়া সদকাহ হিসেবে দেয়া যাবে।

৩. আমি নিজেও একজন মেয়ে এবং এখনো অবিবাহিত। আমার নিজের জন্যও এ থেকে গ্রহণ বা কি গুনাহের অন্তর্ভুক্ত হবে, যদি এটা হারাম হয়? আমার ক্ষেত্রে কি কোনো ভিন্ন বিধান আছে?

জবাবঃ- একই বিধান। তাহা গ্রহণ করা জায়েজ নেই।

মহান আল্লাহ তায়ালা বলেন

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ [٢:٢٧٥

যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছেঃ ক্রয়-বিক্রয় ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লাহ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়ে গেছে, তা তার। তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয়, তারাই দোযখে যাবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে। {সূরা বাকারা-২৭৫}

হাদীস শরীফে এসেছে
عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه

হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ এর পিতা থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-“যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮১)

আল্লাহ তাআলা আপনার পরিবারকে সুস্থতা, হালাল রিজিক ও দ্বীনি বুঝ দান করুন। আমিন।


This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.